বুভুক্ষু পরিবেশ
নুরুল হুদা নুরী
হাড়ভাঙ্গা খাটাখাটি রোজ সারাদিন,
দিন দিন বাড়ে তবু পরিবারে ঋণ ।
সারাদিন কাজ করে পাই কয় টাকা,
তেল নুন চাল কিনে হাত হয় ফাঁকা ।
গরীবের ভরসা যে তেলাপিয়া মাছ,
ভিড় ঠেলে যাই আমি তাই তার কাছ ।
কাছে গিয়ে যেই শুনি তার এতো দাম,
অগোচরে বের হয় শরীরের ঘাম ।
তেলাপিয়া রেখে যাই কিনে নিতে ডিম,
তার দাম শুনে দেহ হয়ে যায় হিম ।
কাঁচা মরিচের ঝালে গায়ে বাড়ে জ্বালা,
তার দাম শুনে হই আমি ঝালাপালা ।
দাম বেড়ে গেছে আজ সবজি ও আলুর,
বাজার নিয়ে ভেজাল খালাম্মা খালুর ।
এ কেমন তুমি হলে পরিবারে কর্তা,
এক কেজি আলু নিলে বানাতাম ভর্তা ।
পঁয়তাল্লিশ টাকা দামে আজ নাকি আলু,
ঘরে ঘরে বকা শুনে অসহায় খালু ।
গরীবের ঘরে চলে রোজ হাহাকার,
বুভুক্ষু পরিবেশ দায় বলো কার?

1 comment:
উদীয়মান তরুণ কবি "নুরুল হুদা নুরী"
Post a Comment