Sunday, November 12, 2023

৫০ হাজার ফিলিস্তিনি একদিনে গাজা ছেড়েছে

 

 


 গাজা নিয়ে ‘বৈশ্বিক উদ্যোগ’ চালু করছেন এরদোগান
মানবিক বিরতির জন্য ইসরাইলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে ‘বৈশ্বিক উদ্যোগ’ চালু করছেন এরদোগান : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান গাজা সঙ্কট সমাধানের জন্য একটি ‘বৈশ্বিক উদ্যোগ’ পরিকল্পনা করছেন, সরকারপন্থী সংবাদপত্র হুরিয়েত জানিয়েছে। এতে বলা হয়, এরদোগান যত তাড়াতাড়ি সম্ভব গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ছিটমহলে ইসরাইলের অপরাধ বন্ধের প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।


‘আমি প্রত্যেক বিশ্বনেতাকে ফোন করব, তাদের সাথে আলোচনা করব এবং প্রয়োজনে তাদের সাথে দেখা করব। আমি নেতা, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের সঙ্গে গাজা নিয়ে একটি যৌথ বৈশ্বিক উদ্যোগ শুরু করতে চাই,’ ৭ নভেম্বর তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নির্বাহী কমিটির বৈঠকে এরদোগান বলেছেন। এ সপ্তাহান্তে সউদী আরবে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর একটি জরুরী শীর্ষ সম্মেলনের পর তুর্কি নেতা তার ‘বৈশ্বিক উদ্যোগ’ চালু করার পরিকল্পনা করেছেন। ২৮ অক্টোবর ইস্তাম্বুলে এক সমাবেশে ভাষণ দিয়ে এরদোগান ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করার জন্য তার দেশের অভিপ্রায় ঘোষণা করেছিলেন। 


মানবিক বিরতির জন্য ইসরাইলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : ফিলিস্তিনে গাজা উপত্যকায় মানবিক বিরতি ঘোষণা করতে ইসরাইলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাম্প্রতিক বক্তব্যে তেমন ইঙ্গিতই মিলেছে। জি-৭ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গতকাল জাপানের রাজধানী টোকিও গিয়েছিলেন ব্লিনকেন। বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের এই জোটের এবারের বৈঠকের মূল এজেন্ডাই ছিল গাজার সাম্প্রতিক পরিস্থিতি।


বৈঠক শেষে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে গাজায় অবিলম্বে মানবিক বিরতি ঘোষণা এবং বেসামরিক লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়র জন্য করিডোরের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে হামাস ও ইসরাইলের চলমান সংঘাত নিয়ে এক প্রশ্নের উত্তরে ব্লিনকেন বলেন, ‘মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে যে সঙ্কট চলছে, তা স্থায়ীভাবে সমাধানের একমাত্র উপায় হলো সেখানে শান্তি ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় শর্ত সৃষ্টি করা এবং অবশ্যই সেটি করতে হবে রাজনৈতিক কূটনৈতিক ভাবে। তাই শেষ পর্যন্ত কূটনীতি ও রাজনীতির ওপরই ভরসা রাখতে হবে আমাদের। গাজা উপত্যকাকে আমরা কখনও সন্ত্রাস ও সহিংসতার কেন্দ্রে পরিণত হতে দিতে পারি না।’
ব্লিনকেন আরও বলেন, ‘ফিলিস্তিন ও গাজা প্রশ্নে ওয়াশিংটনের অবস্থান একদম স্পষ্ট; আর তা হলো-কোনো দখলদারিত্ব চালানো যাবে না, গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে নিতে হবে এবং গাজা উপত্যকার বেসামরিক লোকজনকে তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ করা বন্ধ করতে হবে।
’ 

কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মানবিক বিরতি না দেয়ার বিষয়ে অটল রয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত’ কোন অস্ত্রবিরতি হবে না। এদিকে, গাজায় আটক ২৩৯ সজন জিম্মির পরিবার তাদেরকে মুক্তি দেয়ার দাবি অব্যাহত রেখেছে। মোট ১২জন জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে তিন দিনের জন্য মানবিক বিরতি দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই জিম্মিদের মধ্যে অর্ধেকই আমেরিকান। তবে বিরতির সময়সীমা এবং গাজার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনায় বিতর্ক চলছে। 

সূত্র : তাস, আনাদোলু এজেন্সি, বিবিসি।

No comments:

Post a Comment