মাদরাসা শিক্ষা অধিদপ্তরে এমপিওর আবেদনে জটিলতা ।
মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তি প্রক্রিয়াকরণ সার্ভার মেমিস-এ প্রবেশ করতে পারছেন না শিক্ষক-কর্মচারীরা। ফলে মাদরাসায় নিয়োগ পাওয়া বহু নতুন শিক্ষক চলতি নভেম্বর মাসে এমপিওভুক্তির আবেদন জমা দেয়া নিয়ে শঙ্কায় আছেন।
গতকাল রোববার মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওভুক্তির আবেদনের শেষ দিন ছিলো। কিন্তু সকাল থেকে শিক্ষকরা মেমিস সার্ভারে প্রবেশ করতে পারেননি। ফলে তাদের এমপিওভুক্তির আবেদন করা হয়নি। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বহু শিক্ষক-কর্মচারী একসঙ্গে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করার চেষ্টা করায় মেমিস ওভারলোডেড হয়ে পড়ে। ফলে সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। জটিলতা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে ইতোমধ্যে প্রায় ৯ হাজার শিক্ষক-কর্মচারী নভেম্বর মাসে আবেদন করেছেন। বেশ কয়েকজন শিক্ষক দৈনিক আমাদের বার্তাকে জানান, মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে করতে হয়। তবে রোববার মেমিস সফটওয়্যারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন করা যাচ্ছে না। বহু নতুন শিক্ষক এমপিওর আবেদন করার অপেক্ষায় আছেন। নভেম্বরে এমপিওভুক্তি আবেদন না করলে তারা এ মাসেও বেতন-ভাতা বা এমপিও পাবেন না। ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করতে হবে।
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের যোগদান থেকে এমপিওভুক্ত হওয়ার বিধান এখনো কার্যকর হয়নি। ফলে এমপিওভুক্তির আবেদন করতে না পারা শিক্ষক-কর্মচারীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
এ পরিস্থিতিতে শিক্ষকরা জটিলতা নিরসন করে এমপিওভুক্তির আবেদনের সময় কিছুটা বাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন। মেমিস সার্ভারের বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক ও এমপিও কমিটির সদস্য সচিব মো. লুৎফর রহমান রোববার সন্ধ্যায় দৈনিক আমাদের বার্তাকে বলেন, ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করার সময় থাকলেও বেশিরভাগ শিক্ষক-কর্মচারী শেষ দিকে আবেদন করার চেষ্টা করেছেন। বহু শিক্ষক কর্মচারী একসঙ্গে এমপিওভুক্তির আবেদনের চেষ্টা করায় সার্ভার ওভারলোডেড হয়ে গেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
তবে, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদনের সময় বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই বলেও জানান তিনি। তিনি বলেন, ইতোমধ্যে ৯ হাজার শিক্ষক-কর্মচারী এ মাসে এমপিওভুক্তির আবেদন করেছেন।
সুত্রঃ দৈনিক শিক্ষা ডটকম

No comments:
Post a Comment